ঝিতুল ভূতের কথা

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২০:৫৯

আমার একটা ভূতের সাথে পরিচয় হয়েছে। নাম তার ঝিতুল। আমার খুব ভালো বন্ধু হয়েছে সে। তার একটু উপকার করেছি বলে আমাকে তার রাজ্যে বেড়াতে নিয়ে যেতে চায়। ভাবছি যাব। ভূতের রাজ্য নিশ্চিত অনেক মজার হবে তা-ই না? ঘটনা কী হয়েছে শোনো...

সেদিন সন্ধ্যায় আমি বসে পড়ছি। হঠাত্ দেখি আমার টেবিলের উপর দুটো পাকা তেঁতুল। অবাক হয়ে এদিক ওদিক তাকাতেই একটা নাকি সুরের বাচ্চা কণ্ঠ বলে উঠল, আমার নাম ভূঁত ঝিঁতুল, খাঁও তুঁমি তেঁতুল।

পঁড়েছি মঁহাবিঁপদে, তুঁমি কিঁ আঁমার বঁন্ধু হঁবে?

হঁতেই হঁবে, হঁতেই হঁবে... আঁমার বঁড়ো বিঁপদ!

তেঁতুল পেয়ে খুশি হয়েছি। বিপদ তাই শুনতে চাইলাম তার কী হয়েছে। ভূত হোক আর মানুষ হোক বিপদে সাহায্য করতে হয়।

ঘটনা হলো ভূতের রাজ্যে এই ঝিতুল ভূতটা ছিল। সে অন্য সব ভূতের মতো দুষ্টু ছিল না। অনেক ভালো ছিল সে। ভূতেদের রাজ্যে ভালো ভূতেদের কেউ পছন্দ করে না। তবে ভূতের রাজ্যের নিয়ম ছি যে সেখানে যে যেরকম তার সেরকমই থাকতে হবে, না হলে চিরজীবনের জন্য তাকে রাজ্যছাড়া হতে হবে। 

যদি ভুল করেও নিজের স্বভাব পালটে যায় তাহলে তাকে ভূতের রাজ্য থেকে বের করে দেওয়া হবে। একটা ভূতের জন্য রাজ্য হারানো খুব দুঃখের কথা। একটা মাত্র উপায়েই সে শুধু তার রাজ্যে ফিরতে পারে।

সবকিছু জানার পরেও ঝিতুল একটা ভুল করে ফেলল। রেগে আর একটা দুষ্টু ভূতের মাথায় কামড়ে দিয়েছিল। যেহেতু সে ভালো তাহলে এমন কেন করল? দিল ঝিতুলকে রাজ্য থেকে তাড়িয়ে। রাজ্য হারিয়ে তো সে খুবই বিপদে পড়েছে।

সেই ভালো ভূত তার রাজ্য থেকে বের হয়ে মানুষের রাজ্যে এল বন্ধু খুঁজতে।  ভূতেদের তো জাদু জানা আছে। ভূতের রাজ্য থেকে যারা বের হয়ে মানুষের রাজ্যে যায় তারা কী করে তা সবসময় জাদু দিয়ে দেখে ভূতেরা।

এখন যদি সে ভূতের রাজ্য থেকে বের হয়ে কোনো মানুষকে কামড়ে দিতে পারে তাহলে তাকে আবার ফেরত নেবে। কিন্তু সে তো অকারণে কাউকে কামড়াতে পারে না। তাই বন্ধু বানিয়ে আমাকে ছোট্ট একটা কামড় দিতে চাচ্ছে।

এই জন্য ঝিতুল আমাকে বন্ধু বানিয়ে আস্তে একটা কামড় দিতে চায়।

প্রথমে একটু ভয় লাগছিল। পরে ভাবলাম আমার জন্য যদি একটা ভূতের উপকার হয় তাহলে মন্দ কি! বললাম দাও কামড়। ভয়ে চোখ বন্ধ করে ছিলাম। ওমা দেখি কানে একটু সুড়সুড়ি লাগছে। পরে শুনি—ওটাই নাকি কামড়।  যা-ই হোক, সে তার রাজ্যে আবার ফিরে যাবার অনুমতি পেয়েছে। সাথে আমাকেও নিয়ে যেতে চায়। বুঝলে তো ঘটনা! এমন ভূতের রাজ্যে না গেলে হয়, বলো?

প্রথম শ্রেণি, বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা