রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখা উচিত

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:০১

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা উচিত। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ডিকাব টকে’ তিনি এ কথা বলেন। ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন খুবই গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে একটি অনুকূল পরিবেশ প্রয়োজন। তবে মিয়ানমারের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা অনুমান করা কঠিন। জাপান মিয়ানমারের কাছে প্রত্যাবাসনের বিষয়টি উত্থাপন করা অব্যাহত রাখবে। আন্তর্জাতিক গোষ্ঠীকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। ইতো নাওকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করেন এবং এটিকে একটি বড় অর্জন বলে অভিহিত করেন। রাষ্ট্রদূত আরো বলেন, আগামী নভেম্বরে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে আরো টিকা পাঠাবে জাপান। গত জুলাই ও আগস্টে বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ডোজ টিকা দিয়েছে জাপান।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাপান বাংলাদেশে বিভিন্ন সামগ্রী পাঠাবে বলে জানান রাষ্ট্রদূত। জাপান নভেম্বরে উপহার হিসেবে কোস্ট গার্ডকে টহল জাহাজও দেবে বলে জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন যে, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশে জাপানের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) প্রবাহ আরো বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, জাপান বাংলাদেশে বড় ধরনের অবকাঠামো উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। মেট্রোরেল, পদ্মা সেতু, মাতারবাড়ি প্রকল্পগুলো বাংলাদেশের চেহারা পালটে দেবে। আগামী পাঁচ বছরের মধ্যে এগুলো উন্নয়নের নতুন ধাপে নিয়ে যাবে বাংলাদেশকে। অনুষ্ঠানে ডিকাব সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন বক্তব্য রাখেন।