জামিন বাতিল, কাউন্সিলর চিত্তরঞ্জন কারাগারে

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:০২

শ্লীলতাহানির মামলায় সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্ব্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত এ আদেশ দেন।

গত ১৩ সেপ্টেম্বর চিত্তরঞ্জন দাস আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। গতকাল চিত্তরঞ্জন দাস আদালতে হাজির হয়ে ঢাকা আইনজীবী সমিতির                   সাবেক সভাপতি কাজী নজিব উল্লাহ                হিরুর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন।

অন্যদিকে বাদীপক্ষে অ্যাডভোকেট আনিসুর রহমান, নিয়াজ মোর্শেদ নোমান জামিন বাতিলের আবেদন করেন। তারা বলেন, আসামি জামিন পাওয়ার পর মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন। সেই বিষয়ে থানায় জিডিও হয়েছে। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে চিত্তরঞ্জন দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর শ্লীলতাহানির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঐ নারী সবুজবাগ থানায় চিত্তরঞ্জন দাসের রুিদ্ধে মামলাটি দায়ের করেন। তিনি নিজেকে একজন গণমাধ্যমকর্মী বলে এজাহারে উল্লেখ করেন।