ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সাত জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
সুনামগঞ্জ :জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় রিদয় হোসেন (২০), লায়েক আহমদ (২০) এবং জামিল মিয়াসহ (২০) তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের প্রত্যেকের বাড়ি জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় তিন জন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
পিরোজপুর অফিস :জেলার নাজিরপুরে বাসচাপায় কাজী মশিউর রহমান রাজিব (৪০) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইজিবাইক চালক রাকিবের (১৭) মৃত্যু হয়েছে। বুধবার রাতে পিরোজপুর-গোপালগঞ্জ সড়কের কবিরাজবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুই জন। মশিউর রহমান রাজিব গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক। নাজিরপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শিক্ষক রাজিব তার স্ত্রী রুনা বেগম ও ছয় বছরের ছেলে কাজী মনোয়ারকে নিয়ে একটি রিকশাভ্যানে করে পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। নাজিরপুরের কবিরাজবাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইমাদ পরিবহনের একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালককে আটকের জন্য অভিযান চলছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি :ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার ও মহেশপুর উপজেলার চড়কতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এসব ঘটনায় আরো চার জন আহত হয়েছে। মৃতরা হলো—ফজলু মোল্লা (৫০) ও দেবদাস মণ্ডল (৩৫)। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহা. সোহেল রানা জানান, সকালে গান্না বাজার এলাকায় আর.এ পরিবহনের একটি বাস একটি আলমসাধুকে পেছন দিক থেকে ধাক্কা দিলে আলমসাধুর যাত্রী ফজলু মোল্লা ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে মহেশপুর উপজেলার চড়কতলা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক দেবদাস মণ্ডল রাস্তায় ছিটকে পড়ে। এ সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
