ওয়ানডে হোক টি-টোয়েন্টি যেকোনো বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা বিরাজ করে। যদিও মাঠের খেলায় সেই উত্তাপের ছিটেফোটাও দেখা যায় না। কেন না বরাবরই সেখানে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। তবে এবার সেই ধারায় ভিন্নতা আনতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
১৭ অক্টোবর থেকে বাজবে বিশ্বকাপের ঘণ্টা। তবে ভারত-পাকিস্তানের মিশন শুরু হবে সুপার টুয়েলভ থেকে। আগামী ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসের সুরেই জয়ের কথা জানালেন বাবর।
আইসিসিকে দেওয়া সাক্ষাত্কারে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘প্রতিটি ম্যাচের চাপ ও উচ্চ তীব্রতা সমপর্কে আমরা জানি, বিশেষ করে প্রথম ম্যাচ। দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। গত ৩-৪ বছর ধরে আরব আমিরাতে ক্রিকেট খেলছি আমরা এবং কন্ডিশন খুব ভালোই জানা আমাদের। আমরা জানি উইকেট কেমন আচরণ করবে এবং ব্যাটসম্যানদের কীভাবে মানিয়ে নিতে। নিজেদের দিনে যারা ভালো খেলে তারাই ম্যাচ জিতে। যদি আমাকে জিজ্ঞেস করলে আমি বলব, আমরাই জিতব।’
দুবাই স্টেডিয়ামে ৬টি টি-টোয়েন্টি খেলে একটিতেও হারেনি পাকিস্তান। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫ ম্যাচেই পেয়েছে হারের তেতো স্বাদ। তাদের এবারের দলটা অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন বাবর।
বাকি খেলোয়াড়দের নিয়ে অধিনায়ক বলেন, ‘সব খেলোয়াড়ই ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে ঢুকেছে। সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কারণ তাদের অভিজ্ঞতার ভান্ডারটা বেশ ভারী। তারা এর আগে বিশ্বকাপ খেলেছে। আমাদের স্কোয়াডের ৭-৮ জন খেলোয়াড় চ্যাম্পিয়নস ট্রফি খেলেছে, যেটা দলের ভেতর ভিন্ন আত্মবিশ্বাস জোগাবে।’
