আদালতের আদেশ অমান্য করায় ফ্রান্স ও বায়ার্ন মিউনিখের নিয়মিত ডিফেন্ডার লুকাস এরনন্দেজকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন মাদ্রিদের একটি। ২০১৭ সালে স্ত্রীর প্রতি সহিংসতার অভিযোগ আনা হয় তার ওপর। তখন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে খেলতেন তিনি। অভিযোগ প্রমাণিতও হয়। আগামী মঙ্গলবারের মধ্যেই আদালতে হাজিরা দিতে হবে এরনন্দেজকে। স্বেচ্ছায় কারাগারে যাওয়ার জন্য ১৯ অক্টোবর থেকে ১০ দিন সময় পাবেন ২৫ বছর বয়সি এই ফুটবলার। স্পেনের আইন অনুযায়ী, দুই বছরের কম সাজা হলে জেল খাটতে হয় না। কিন্তু ভুলের পরিধি বেড়ে যাওয়ায় সাজা ভোগ করতে হবে এরনন্দেজকে। অবশ্য সহিংসতার ঘটনায় তার স্ত্রী কোনো অভিযোগ করেননি তখন। কিন্তু স্পেনের সরকারি কৌঁসুলি অভিযোগ দাখিল করেন দুই জনের বিরুদ্ধে। শাস্তি হিসেবে জনসেবামূলক কাজ করার পাশাপাশি দুই জনকে একে অন্যের থেকে ৫০০ মিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু চার মাস পরই একসঙ্গে দেখা যায় তাদের। তাই গ্রেফতার হন এরনন্দেজ। ২০১৯ সালে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করলেও হেরে যান এরনন্দেজ।
