প্রতিপক্ষের ঘুম কেড়ে নেবে ইংল্যান্ড!

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১৭

স্পোর্টস ডেস্ক

কনুইয়ের ইনজুরির কারণে চলতি বছর ক্রিকেট থেকে বাইরে ইংল্যান্ডের তারকা পেসার জফরা আর্চার। তাই সুযোগ পাননি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও। আর্চার ছাড়াও ইনজুরির কারণে তারকা অলরাউন্ডার বেন স্টোকসকেও রাখেনি ইংল্যান্ড। তাতে দলের শক্তিমত্তা কিছুটা হলেও কমেছে। তবে আর্চার মনে করছেন, এই ইংল্যান্ডই এবারের বিশ্বকাপে ঘুম কেড়ে নেবে প্রতিপক্ষের। সর্বশেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে থেকেও নাটকীয়তার জন্ম দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় মরগান বাহিনী। এবারের বিশ্বকাপে টি-টোয়েন্টির সেরা দল হিসেবেই খেলতে নামবে তারা। র্যাংকিংয়ে ১ নম্বরদের বিপক্ষে নামার আগে ভয়ে থাকবে যে কেউ এমনটাই ভাবছেন আর্চার। ইংলিশ সংবাদমাধ্যম ডেইল মেইলে লেখা এক কলামে আর্চার লেখেন, ‘হ্যাঁ, আমি ও স্টোকস দলে নেই। তবে তাই বলে, দল কীভাবে পারফর্ম করবে তা নিয়ে চিন্তিত নই। আমি জানি, আমাদের অনুপস্থিতিতেও দলের গভীরতা যথেষ্ট শক্তিশালী। আশা করি, প্রতিপক্ষ দল ভয়ে থাকবে, যখন তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমাদের মুখোমুখি হবে। আশা করি, তারা রাতে ঘুমাতে পারবে না এই ভেবে যে, আগামীকাল একটা কঠিন ম্যাচ আছে।’