স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের ধাক্কায় প্রায় দুই বছর ধরে ক্রিকেটের বাইরে ঢাকার বিভিন্ন ক্লাবের ক্রিকেটাররা। এ সময় বিসিবির কিছু অনুদান পেলে মাঠে ফিরতে উন্মুখ ছিলেন তৃণমূলের এসব ক্রিকেটাররা। মাঠে ফেরার জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদের অপেক্ষা অবশেষে ফুরাচ্ছে। আগামী মাসেই শুরু হবে ক্লাব ক্রিকেটের নিচের দিকের লিগগুলো। গতকাল সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
নভেম্বরের মাঝামাঝি শুরু হবে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। তারপর ডিসেম্বরে দ্বিতীয় বিভাগ ও জানুয়ারিতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়াবে।
সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন গতকাল বলেছেন, ‘আজকে (গতকাল) আমাদের সভা হয়েছে। ১৫ নভেম্বর শুরু হবে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। নভেম্বরের শুরুতে (১, ২, ৩) দলবদল সম্পন্ন হবে। পরে ডিসেম্বরে দ্বিতীয় বিভাগ ও জানুয়ারিতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ আমরা করব।’
