ভারত-বাংলাদেশ চমত্কার সম্পর্ক বিদ্যমান

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:৪১

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিত্সায় সহযোগিতাসহ ভারত-বাংলাদেশ চমত্কার সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। দুই দেশের অর্থনৈতিক উন্নয়নসহ ভবিষ্যত্ কর্মপরিকল্পনা আরো জোরদার করা হচ্ছে। তিনি বলেন, এ দেশের সব ধর্মের মানুষ শারদীয় দুর্গাপূজায় উত্সবমুখর পরিবেশে আনন্দ উপভোগ করেন যা সত্যিই একটি বিরল দৃষ্টান্ত। দেবী দুর্গার জ্ঞান আমাদের আলোর পথ দেখাবে। তিনি গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালের জন্য ভারত সরকারের উপহার একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, অত্যাবশ্যকীয় চিকিত্সা সামগ্রী-অক্সিজেন সিলিন্ডার, শ্বাস-প্রশ্বাস সহায়ক সরঞ্জাম হস্তান্তর এবং পূজামণ্ডপ পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। গতকাল বিকালে তিনি ও তার সহধর্মিণীসহ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাগণ কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছালে কুমুদিনী পরিবারের সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী ইউনিট এবং ভারতেশ্বরী হোমসের সবুজ চত্বর পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে ভারত-বাংলাদেশ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, বর্তমানেও সেভাবে দুই দেশের সরকার সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। পরে তিনি মির্জাপুর সাহাপাড়া গ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করেন। স্ত্রী সঙ্গিতা দুরাইস্বামী, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাগণ, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহম্মদ, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এস এম আবু মুসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুত্সুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়সহ কুমুদিনী পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।