নরওয়েতে তির-ধনুক নিয়ে হামলায় নিহত ৫

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:৪২

নরওয়েতে একজন ব্যক্তি তির ও ধনুক ব্যবহার করে হামলা চালানোর ঘটনায় পাঁচ জন নিহত এবং আরো দুজন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানী অসলো থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কংসবার্গ শহরে পুলিশ হামলার খবর প্রথম পায়। হামলাটিকে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করছে পুলিশ। খবর বিবিসির

পুলিশ কর্মকর্তা ওয়েবিন্দ আস বলেন, একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং সে একাই হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের এক মুখপাত্র জানান, এটি সন্ত্রাসী কাজ কি না, তা পুলিশ তদন্ত করে দেখবে। প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।

সন্দেহভাজন হামলাকারীর বয়স ৩৭ বছর এবং তিনি ডেনমার্কের নাগরিক। তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। পুলিশ ধারণা করছে, তিনি মৌলবাদী হয়ে উঠেছেন।        তিনি চার নারী এবং এক পুরুষকে হত্যা করেছেন। গতকাল দেশটির পতাকা অর্ধনমিত রাখা হয় এবং ঘটনাস্থলে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুলিশ প্রধান জানিয়েছেন, নিহত সবার বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। হামলাকারী কংসবার্গের পশ্চিম পাশে একটি কুপ এক্সট্রা সুপার মার্কেটের ভিতরে হামলা চালায় বলে জানা গেছে। আহতদের মধ্যে একজন অফ-ডিউটি পুলিশ কর্মকর্তা রয়েছেন, যিনি ঐ সময়ে ঐ দোকানটিতে উপস্থিত ছিলেন।

ঐ চেইন শপটির এক মুখপাত্র পরে নিশ্চিত করে জানান, তাদের দোকানে একটি গুরুতর ঘটনা ঘটেছে তবে তাদের কর্মীদের মধ্যে কেউ আহত হননি। স্থানীয় সময় পৌনে ৭টার দিকে সন্দেহভাজন হামলাকারীকে আটক করার আগে হামলাকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছিল বলে জানা গেছে।