কুমিল্লায় কোরআন অবমাননাকারী সব অপরাধীকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও-এ অবস্থিত হেফাজত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত খাস কমিটির বৈঠক থেকে এ দাবি জানান হেফাজত নেতারা। হেফাজত নেতৃবৃন্দ বলেন, কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি। এ দেশের ইসলাম প্রিয় জনতা কোনোভাবেই পবিত্র কোরআন অবমাননা সহ্য করবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, কোরআন অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করায় ও সে পূজামণ্ডপটি বন্ধ করে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে চাঁদপুরের ঘটনায় কারো উসকানি ছিল কি না, কীভাবে মানুষ মারা গেল এর সুষুম তদন্ত হতে হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ক্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখতে হবে। নেতৃবৃন্দ বলেন, হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী ও কওমি মাদ্রাসাসমূহের আলেম-উলামা ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান কারও উসকানিতে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। তৌহিদী জনতার আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
