বান্দরবানের থানচি-আলীকদম সড়কে পিকনিকের গাড়ি খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১৫ জন দর্শনার্থী আহত হয়। নিহতের নাম আবুল কালাম (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার থানচি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকনিকের জিপ রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও আরো ১৫ জন দর্শনার্থী আহত হয়। হতাহতরা সবাই পর্যটক। তারা কক্সবাজারের রামু থেকে পিকআপে করে আলীকদম ডিমপাহাড় ও থানচির বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণে করছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে গুরুতর চার জনকে আলীকদম হাসপাতালে ও আট জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
