মানিকগঞ্জে ১০০ মাধ্যমিক শিক্ষার্থীকে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রদান

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২৩:০৯

প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮০ ভাগ লোককে টিকার আওতায় আনা হবে। বৃহস্পতিবার মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে জেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন (১২-১৭ বত্সর) ছাত্রছাত্রীকে ফাইজারের ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ সময় তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ১০০ জনকে দেওয়া হলো। পরবর্তী সময়ে দেশের সব ছাত্রছাত্রীকে এই টিকার আওতায় আনা হবে। তবে টিকাই শেষ নয়, তারপরও সবাইকে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা প্রতিরোধে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৬তম এবং এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থানে আছে।          পরবর্তী সময়ে দেশের ২১টি স্থানে শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুননেছা, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লুত্ফর রহমান, পুলিশ সুপার গোলাম আজাদ খান, কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গৌতম রায়, কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জাকির হোসেনসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।