অসুস্থ খালেদা জিয়া শুনানি পেছাল দুই মামলার

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২৩:১৭

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মানহানির দুই মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। তিনি অসুস্থ থাকায় তার আইনজীবী আদালতে সময়ের আবেদন জানান। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর নতুন দিন ধার্য করেন।

ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। এছাড়া একই বছরের ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ‘স্বীকৃত’ স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করেন। এ দুই মামলার অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য গতকাল দিন ধার্য ছিল, কিন্তু খালেদা জিয়া হাসপাতালে ভর্তি থাকায় শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে।