ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) পাকিস্তান ও বাংলাদেশ লাগোয়া তিন রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও পাঞ্জাবে অধিক ক্ষমতা দিয়েছে ভারত সরকার। এখন থেকে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভেতর পর্যন্ত তল্লাশি, গ্রেফতার ও যে কোনো কিছু জব্দ করতে পারবে তারা। এর আগে বিএসএফের এক্তিয়ার ছিল সীমান্ত থেকে ১৫ কিলোমিটার ভেতর পর্যন্ত। সাম্প্রতিককালে আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন অংশে ড্রোনে করে অবৈধ অস্ত্র আসার পরিপ্রেক্ষিতে বিএসএফকে এই অধিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
তবে এই পদক্ষেপের সমালোচনা করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং পাঞ্জাবের কংগ্রেস সরকার। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, এটা রাজ্যের অধিকারে পেছনের দরজা দিয়ে নাক গলানো। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, কুণাল ঘোষ টুইটে লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে বিএসএফের কর্মক্ষেত্র সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের বদলে ৫০ কিলোমিটার করেছে, তা প্রতিবাদযোগ্য। এটা রাজ্যের অধিকারভুক্ত এলাকায় পেছনের দরজা দিয়ে নাক গলানো। তৃণমূল বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্ সিং চন্নি এক টুইটে বলেছেন, আন্তর্জাতিক সীমানা থেকে ৫০ কিলোমিটার ভেতর পর্যন্ত বিএসএফকে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার সরকারি এ একতরফা সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এটি ফেডারেল সিস্টেমের ওপর সরাসরি আঘাত। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অযৌক্তিক এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে আবেদন জানাচ্ছি।
