দেশে গত এক দিনে মারা যাওয়া কোভিড রোগীর সংখ্যা এক সপ্তাহ পর আবার নেমে এসেছে দশের নিচে, দশ জনের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে মাত্র সাত জেলায়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন মোট সাত জন, সংক্রমণ ধরা পড়েছে আরো ৫১৮ জনের মধ্যে। এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১০ মার্চ ছয় জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর ৮ অক্টোবরও সাত জনের মৃত্যুর খবর এসেছিল।
এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৭৩৭ জনের মৃত্যু ঘটিয়েছে এ ভাইরাস। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরো ৬৯৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন সুস্থ হয়ে উঠলেন। গত এক দিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৪২ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৩ শতাংশের বেশি। ঢাকা ছাড়া কেবল ফরিদপুর, নরসিংদী, চট্টগ্রাম, কক্সবাজার, কুষ্টিয়া ও সিলেট জেলায় ১০ জনের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। যে সাত জন গত এক দিনে মারা গেছেন, তাদের তিন জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগে দুই জন এবং রাজশাহী ও খুলনা বিভাগে এক জন করে মারা গেছেন।
