দশমীতে অতিথি আপ্যায়ন

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৬:৪১

আজ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। দশমীতে অতিথির আগমন ঘটে প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে। অনেকে আত্মীয়ের বাড়ি যান, গুরুজনদের আশীবার্দ নিতে। বাঙালির উৎসবে-আনন্দে অতিথিকে আপ্যায়ন করতেই হয়। দশমীতে অতিথি আপ্যায়ন করা যাবে এমন মুখরোচক ৩টি রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি  

লেবু মাটন

প্রয়োজনীয় উপকরণ

  • খাসির রানের মাংস টুকরা করে কাটা ১ কেজি
  • কাগজি লেবু ২/৩টি
  • পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
  • ধনেপাতা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • মিষ্টি দই ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি ১/২ কাপ
  • তারা মশলা ১টি
  • শুকনা মরিচ ৪/৫টি
  • তেল ৪ টেবিল চামচ
  • লবণ ও চিনি স্বাদমতো

প্রস্তুত প্রণালী
প্রথমে মাংসের মধ্যে সমস্ত বাটা মশলা মেখে ১ ঘন্টা রেখে দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি, শুকনা মরিচ ও তারা মশলা ভেজে মেখে রাখা মাংস দিয়ে কষিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস সিদ্ধ হলে কাগজি লেবু দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘লেবু মাটন’।

আচারি শোল মাছ

প্রয়োজনীয় উপকরণ

  • শোল মাছ ১টি
  • পেঁয়াজ কুঁচি ৩ টেবিল চামচ
  • আদা ও রসুন বাটা ১ চা চামচ
  • মরিচের গুঁড়া ১ চা চামচ
  • হলুদের গুঁড়া ১ চা চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • ধনে গুঁড়া ১ চা চামচ
  • সরিষা ও কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ
  • টমেটো ১ টি
  • সরিষার তেল ৩ টেবিল চামচ
  • কাঁচামরিচ ৪/৫টি
  • জলপাইয়ের আঁচার ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুঁচি ৩ টেবিল চামচ
  • লবণ ও চিনি স্বাদমতো

প্রস্তুত প্রণালী
প্রথমে মাছগুলোকে সামান্য হলুদ, মরিচ ও লবণ দিয়ে ভেজে তুলে রাখতে হবে। এরপর কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুঁচি বাদামি করে ভেজে নিতে হবে। তারপর  বাটা ও গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে মাছ দিয়ে ঢেকে ৫ মিনিট কষিয়ে নিতে হবে। এবার কাঁচা মরিচ ,টমেটো ও আচার দিয়ে মিশিয়ে ধনেপাতা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মুখরোচক ‘আচারি শোল মাছ’।  

নারকেলের মালাই পোলাও

প্রয়োজনীয় উপকরণ

  • চাল ১/২ কেজি
  • নারকেলের দুধ ১ কাপ
  • নারকেল কুঁচি ৩ টেবিল চামচ
  • ঘি ১/৪ কাপ
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ
  • আস্ত গরম মসলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা) ২টি করে
  • গাজর কুঁচি ১/৪ কাপ
  • কাঁচা মরিচ ৮/১০টি
  • চিনি ১ চা চামচ
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী
প্রথমে চাল ১৫ মিনিট পানিতে ভিজিয়ে নিয়ে তারপর পানি ঝরিয়ে রাখতে হবে। এবার হাঁড়িতে ঘি গরম করে পেঁয়াজ কুঁচি, আস্ত গরম মসলা, বাটা মসলা, নারকেল কুঁচি ও গাজর কুঁচি  দিয়ে হালকা নেড়ে চাল দিয়ে ভাজতে হবে। এরপর দেড় কাপ পানি ও ঘন নারকেলের দুধ দিয়ে নেড়ে ভালো করে বলক তুলে কাঁচা মরিচ, লবণ ও চিনি দিয়ে মিশিয়ে ঢেকে ২০ মিনিট দমে রেখে রান্না করতে হবে। ২০ মিনিট পর পোলাও রান্না হয়ে গেলে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন ভীষণ স্বাদের ‘নারকেলের মালাই পোলাও’।  

ইত্তেফাক/আরএম