বাসা-বাড়ির রান্নাঘর সামলানো কম ঝক্কি-ঝামেলার ব্যাপার না। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার শেষ না হওয়া পর্যন্ত। সবসময় রান্নাঘর অ্যাকটিভ রাখার জন্য যথেষ্ট তদারকির প্রয়োজন। আবার অনেকসময় দেখা যায়, বাড়িতে মেহমান চলে এলো কিন্তু কোনোভাবেই আপনি প্রস্তুত না। পড়ে গেলেন তো ব্যাপক টেনশনে, তাই সবসময়ের জন্য আপনি এবং আপনার রান্নাঘরে থাকুক কিছু প্রস্তুতি। তাই নিয়ে এবার কিছু পরামর্শ। লিখেছেন মমতাজ সারোয়ার
চটজলদি রান্নায়
l তাড়াতাড়ি করে খাবার তৈরি করতে গিয়ে লবণ বেশি হয়ে গিয়েছে? চিন্তার কোনো কারণ নেই। ময়দা মেখে, খুব ছোট ছোট গোল আকারের লেচি তৈরি করে খাবারের ঝোলের মধ্যে দিয়ে দিন। খাবার পরিবেশনের আগে ময়দার লেচিগুলো তুলে ফেলুন। খাবারে অতিরিক্ত লবণ ময়দার লেচিগুলো শুষে নেবে।
l ডিম সেদ্ধ করার সময় পানিতে কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে দিন। দেখবেন, ডিমের খোসায় আর ফাটল ধরবে না।
l টমেটো পিউরি বা টমেটোর পেস্ট আইস কিউব ট্রে’র মধ্যে রেখে ফ্রিজে রাখুন। রান্না করার সময় কারির মধ্যে বরফের কিউবগুলো দিয়ে দিন। দেখবেন, তাড়াতাড়ি গ্রেভি তৈরি হয়ে যাবে।
l নারকেল ফ্রিজে কয়েক ঘণ্টা রাখুন। তারপর খুব সহজেই ভাঙতে পারবেন।
l পাউরুটির টুকরো সামান্য ঘিয়ে ভেজে রাখুন। তারপর দই ফেটিয়ে পাউরুটির উপর ঢালুন। লবণ, ঝালের গুঁড়া, চাট মশলা, জিরার গুঁড়া ছড়িয়ে দিন। কাঁচা মরিচ, গুড়ের চাটনি একটু দিন। তৈরি হয়ে গেল চটপটে চাট।
l জানেন কি অ্যালুমিনিয়ামের কন্টেনারে তাড়াতাড়ি আইসক্রিম জমে? তাড়াতাড়ির সময় অ্যালুমিনিয়ামের মোল্ড ব্যবহার করুন। অ্যালুমিনিয়ামের পাত্রের তলায় একটু লবণ ছড়িয়ে দিন, তা হলে সহজেই আইসক্রিম বের করতে পারবেন।
l অনেকদিন ধরে সস পড়ে থাকলে, দানা দানা হয়ে যায়। এ রকম দানা দানা ভাব কাটানোর জন্য মিক্সিতে সস ঢেলে একবার ব্লেন্ড করে নিন। তারপর ছাঁকনিতে ছেঁকে পাত্রে রাখুন। ব্যবহার করতে সুবিধা হবে।
l দারুচিনি, গোটা এলাচ, লবঙ্গ, জিরা, শুকনা মরিচ ইত্যাদি মসলা বেটে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। রান্নার সময়ে ব্যবহার করলে সুগন্ধ বজায় থাকবে।
l ঘরের ভেতর যদি মাছি বিরক্ত করে, তা হলে একটা মোমবাতি জ্বালিয়ে দিন, দেখবেন খুব সহজেই মাছি চলে গেছে।
কিছু গোছগাছ
l সিঙ্কের নিচের ফাঁকা জায়গায় শেলফ বানিয়ে নিন। সেখানে বাসন ধোয়ার সাবান, স্ক্রাবার, বাসন মোছার ন্যাপকিন্স গুছিয়ে রাখুন।
l বেশি ভাজাভুজি বা ঝাল মসলার রান্না হলে তেল, গ্যাস শুষে নেওয়ার জন্য মোটরের ক্যাপাসিটি কত জেনে নিন। চিমনির এয়ার সাকশন ক্যাপাসিটি কত সেটাও মনে রাখুন।
l রান্না করতে করতে গরম তাওয়া বা কড়াইয়ে খুন্তি বা চামচ রেখে দেবেন না। পরের বার রান্না করতে যাওয়ার সময় হাতে গরম লেগে যেতে পারে। মাছ বা লুচি যেকোনো কিছু ডিপ ফ্রাই করার সময় একদিক থেকে দেবেন, তা হলে তেল ছিটকে পড়বে না।
l অনেক সময় দেখা যায়, গ্যাস ওভেনের চারপাশে চলকে পড়ে শক্ত হয়ে যায়। পরিষ্কার করতে এক চামচ লবণ আর গরম পানি দিয়ে ভালো করে ঘষে নিলে খাওয়ার দাগ ও তেলতেলেভাব দুটোই চলে যাবে।
l চপিং বোর্ডে সামান্য লবণ ও ব্লিচ পাউডার ছড়িয়ে দিন। এরপর শক্ত ব্রাশ বা স্ক্রাব দিয়ে ঘষে পরিষ্কার করুন। তারপর গরম পানিতে চপিং বোর্ড ধুয়ে ফেলুন। অ্যালুমিনিয়াম জানালার ফ্রেমে সহজেই তেল চিটে পড়ে যায়, ভিজা কাপড়ে লবণ দিয়ে জানালার ফ্রেম মুছে ফেলুন।
l চিনামাটির কাপ, প্লেট বা ডিনার প্লেট থেকে কড়া দাগ পরিষ্কার করার জন্য ভিনিগারে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর স্ক্রাবার প্যাডে সামান্য লবণ দিয়ে ঘষে নিন। দেখবেন দাগ উঠে যাবে।
l ওভেনের চারপাশে পিঁপড়ে ও অন্যান্য পোকার উপদ্রব দেখা যায়। এর থেকে রেহাই পাওয়ার জন্য ভিনিগার ও লবণের মিশ্রণ ব্যবহার করুন।
