করোনার প্রভাব ঠেকাতে নিম্ন আয়ের দেশগুলো ঋণ গ্রহণের দিকে ঝুঁকেছে। ফলে অতিমারির প্রভাবে দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা রেকর্ড উচ্চতায় উঠেছে। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেবট স্ট্যাটিসটিকস ২০২২ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি উল্লেখ করেছে করোনার এই সময়ে বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোর ঋণের পরিমাণ ২০২০ সালে রেকর্ড ৮৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে। ৭০টিরও বেশি নিম্ন আয়ের দেশগুলোর এ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে ১২ শতাংশ বেশি। ২০১৯ সালে এ প্রবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৫ শতাংশ। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস উল্লেখ করেছেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ঋণের পরিমাণ নাটকীয়ভাবে বেড়েছে। ধনী ও দরিদ্র দেশগুলোর ব্যবধানকে আরো বাড়িয়ে তুলেছে। ঋণ হ্রাস, দ্রুত পুনর্গঠন ও স্বচ্ছতাসহ ঋণ সমস্যার জন্য একটি বিস্তৃত পদক্ষেপের প্রয়োজন বলে তিনি মনে করেন।
