‘কোনো মার্কিন নৌসেনা ভ্যাকসিন না নিলে বহিষ্কার করা হবে’

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:০৯

এএফপি

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে, ২৮ নভেম্বর সময়সীমার মধ্যে যে নৌসেনা কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন নেবে না, তাকে নৌবাহিনী থেকে বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, ‘কোভিড-১৯ ভ্যাকসিন সব সামরিক সদস্যের জন্য বাধ্যতামূলক। যাদের ভ্যাকসিন গ্রহণ বাকি আছে অথবা অনুমোদিত অব্যাহতি ছাড়া যারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করবে না, তাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু করার ব্যাপারে নৌবাহিনী তাদের পরিকল্পনা ঘোষণা করেছে।’

পেন্টাগনের প্রথম স্পস্ট নির্দেশনা ছিল যে, আগস্টের মধ্যে সেনাবাহিনীর সব সদস্যের ভ্যাকসিন নিতে হবে, যারা ভ্যাকসিন নেবে না তাদের বহিষ্কার করা হবে। নৌবাহিনী বলেছে, ৩ লাখ ৫০ হাজার সক্রিয় নৌসেনার মধ্যে ৯৮ শতাংশ ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়ায় রয়েছে অথবা সম্পন্ন করেছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার বলেছেন, ১৪ লাখ সক্রিয় সেনাসদস্যের ৯৬ দশমিক ৭ শতাংশ অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছে এবং ৮৩ দশমিক ৭ শতাংশ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে।