নরওয়ে তির-ধনুক হামলায় অভিযুক্তের পরিচয় প্রকাশ

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:১০

নরওয়ে পুলিশ জানিয়েছে, জঙ্গি মনোভাব থেকেই স্থানীয় মানুষের ওপর আক্রমণ চালিয়েছিল ঐ ব্যক্তি। বুধবার তির-ধনুক নিয়ে নরওয়ের কঙ্গসবার্গে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছিল এক ব্যক্তি। মৃত্যু হয়েছিল পাঁচ জনের। গুরুতর আহত তিন। বৃহস্পতিবার রাতে ঐ ব্যক্তির পরিচয় প্রকাশ করে নরওয়ের পুলিশ। পুলিশ জানিয়েছে, সারা রাত জেরা করার পর পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে ঐ ব্যক্তি। খবর ডয়চেভেলে

সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ঐ ব্যক্তির বয়স ৩৭ বছর। ড্যানিশ নাগরিক ঐ ব্যক্তি কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছিল। চরমপন্থায় বিশ্বাসী ঐ ব্যক্তি বেশ কিছুদিন ধরেই হামলার পরিকল্পনা করছিল। তির-ধনুক ছাড়াও তার কাছে আরো বেশ কিছু অস্ত্র ছিল বলে পুলিশ জানিয়েছে। তবে ঐ ব্যক্তির সঙ্গে আরো কেউ এই ঘটনায় যুক্ত কি না, তা এখনো স্পষ্ট করেনি পুলিশ। নরওয়ের দক্ষিণ-পূর্বে অবস্থিত ছোট্ট শহর কঙ্গসবার্গ। রাজধানী ওসলো থেকে দূরত্ব আশি কিলোমিটার। বুধবার সন্ধ্যায় সেখানেই আক্রমণ চালায় ঐ ব্যক্তি। তির-ধনুক নিয়ে শহরের সিটি সেন্টারে হামলা চালায় সে। নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সে তির ছুড়তে থাকে। সন্ধে সাড়ে ৬টা থেকে সে আক্রমণ চালাতে শুরু করে বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ২০ মিনিটের মধ্যে। কিন্তু তারপরেও বেশ কিছুক্ষণ ঐ ব্যক্তি আক্রমণ চালাতে থাকে। ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন।