কাশ্মীরে গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:১০

এনডিটিভি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বৃহস্পতিবার রাতে পুঞ্চ-রাজৌরি জঙ্গলে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এ দুই জন প্রাণ হারান। এর আগে একই এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আরো পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছিল।

ঐ দিনের ঘটনায় নিহতদের মধ্যে সেনাবাহিনীর এক কর্মকর্তাও আছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, পুঞ্চের ঐ জঙ্গলে সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈয়বার একদল সদস্য আশ্রয় নিয়েছে। ঐ খবর পেয়েই ভারতীয় সেনারা অভিযানে নামে। অভিযান এখনো চলছে; অভিযানের কারণে জম্মু-পুঞ্চ-রাজৌরির মহাসড়ক বন্ধ রাখা হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পুঞ্চের মেন্ধার সাবডিভিশনের নার খাস জঙ্গলে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের মধ্যে ১৪ অক্টোবর সন্ধ্যায় সেনাসদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। আর এতেই এই নিহতের ঘটনা ঘটে। ভারতীয় সেনারা গত কয়েক দিন ধরে তিন সন্ত্রাসীকে ধাওয়া করছে; কিন্তু উঁচু পাহাড় ও জঙ্গলের সুবিধাকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা তাদের নাগালের বাইরে থেকে যায়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়।