তাড়াশে ট্রান্সফরমার চুরি বেড়েছে

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:২০

চার মাসে চুরি ৩৫

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে চলছে আমনের ভরা মৌসুম। আর এ সময়ে উপজেলায় বেড়েছে ট্রান্সফরমার চুরি। ১০ অক্টোবর পর্যন্ত গত চার মাসে কৃষকের ধানখেতে সেচ সংযোগের ৩৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। একটি ট্রান্সফরমারের দাম ৩৮ থেকে ৫৯ হাজার টাকা। যা পুনরায় কেনা ও স্থাপন খরচসহ কৃষকদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। ট্রান্সফরমার চুরির আতঙ্কে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কৃষকরা।

তালম ইউনিয়নের পাড়িল গ্রামের শাহপাড়ার ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কাদের ও ছোরমান আলী বলেন, বর্তমানে আমাদের এলাকায় আমন ধানের ভরা মৌসুম। বিস্তীর্ণ মাঠের খেতগুলোয় ৪৯, ৫১, গুটি ৩৪ ও কাটারি জাতের ধানের আবাদ করা হয়েছে। বোরো ধানের খেতে যেমন পানি সেচ দিতে হয়, তেমনি আমন ধানেও অনুরূপভাবে পানি প্রয়োজন। ট্রান্সফরমার চুরি হওয়ার পর থেকে আমরা টাকা ও ধান দেওয়ার চুক্তিতে শ্যালো মেশিন নিয়ে খেতে সেচের ব্যবস্থা করেছি। তাদের মতো ক্ষতিগ্রস্ত অন্য কৃষক আব্দুর রশিদ, সোলেমান আলী, আক্কাছ আলী, আবু সাঈদ, আব্দুর রশিদ ও সোবাহান সরকার বলেন, ট্রান্সফরমার চুরিতে তাদের খুব ক্ষতি হয়েছে। অনেকের আবাদ করা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিটি পাঁচ কেভির ট্রান্সফরমারের দাম ৩৮ হাজার টাকা ও ১০ কেভির দাম ৫৯ হাজার টাকা। এরপর আবার সময়মতো নতুন ট্রান্সফরমার পাওয়া যাচ্ছে না। থানায় মামলা করেও প্রতিকার মিলছে না। উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুননাহার লুনা বলেন, আমনখেত থেকে ট্রান্সফরমার চুরি হওয়ায় কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। পানির অভাবে অনেকের ধান পাকা অনিশ্চিত হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফ উদ্দিন খান বলেন, ১০ অক্টোবর পর্যন্ত গত চার মাসে উপজেলায় ৩৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব চুরির ঘটনায় থানায় মামলা দিয়েছি এবং উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবগত করেছি। জনসচেতনতা বাড়াতে মাইকিংও করছি। এর পরও চুরি ঠেকানো যাচ্ছে না বরং বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে তিনি কৃষকদের এলাকাভিত্তিক স্থানীয়ভাবে কমিটি করার পরামর্শ দিয়েছেন। যারা চার থেকে পাঁচ জন করে রাত জেগে ট্রান্সফরমার পাহারা দেবেন। বিশেষ করে গভীর রাতে বিদ্যুত্ চলে গেলে দূর থেকে লাইট ধরে ট্রান্সফরমার দেখে রাখতে হবে।

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, ইতিমধ্যে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। এ চক্রের অন্যদেরও আটকের চেষ্টা চলছে।