‘এ’ ইউনিটে যবিপ্রবিতে ৬ হাজার শিক্ষার্থীর আসন

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:২৩

গুচ্ছ ভর্তি পরীক্ষা

যশোর অফিস

শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়ার সমস্যাসহ বিভিন্ন দুর্দশা লাঘবে প্রথম বারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর ভর্তি পরীক্ষার মাধ্যমে এ পদ্ধতির যাত্রা শুরু হবে। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন পড়েছে ৬ হাজার শিক্ষার্থীর। 

জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জানানো হয়েছে, ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটে বিজ্ঞান, ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে মানবিক এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যবিপ্রবিতে ‘এ’ ইউনিটভুক্ত যে ৬ হাজার শিক্ষার্থীর আসন পড়েছে, সেটি গ্রহণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন। পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী বা দায়িত্বরত কেউই মুঠোফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন না। যদি কেউ ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার অথবা অসদুপায় অবলম্বন করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষা, ফলাফলসহ অন্যান্য সব তথ্য https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।