সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:২৪

হাটহাজারীর ১৩ ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বর

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা হাটহাজারী উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩টি ইউপি হলো—ধলই, মির্জাপুর, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ নভেম্বর থেকে শুরু হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। এ ছাড়া ১২ নভেম্বরের পর দেওয়া হবে প্রতীক বরাদ্দ। এদিকে সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের নির্বাচন আপাতত হচ্ছে না। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, আগামী ২৮ নভেম্বর হাটহাজারীর ১৩ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

রাজিবপুরে বিদ্যুত্স্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা রাজিবপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম খাইরুজামান খোকন (৩৭)। তিনি উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর গড়াইমারি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও বালিয়ামারি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিহতের পরিবারের সদস্যরা জানান, খাইরুজামান ঐ সময় পাশের বাড়ির ঘরের টিনের চালা উপরে উঠাতে সাহায্য করতে গিয়েছিলেন। এ সময় টিনের চালা বিদ্যুতের তারে লেগে তার কেটে যায়। চালা বিদ্যুতায়িত হলে তিনি  বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় রাজিবপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসনের মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ জেলার আলেম-ওলামা এবং ধর্মীয় নেতাদের সঙ্গে শুক্রবার শান্তি-সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে জেলার সার্কিট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, পৌর মেয়র নাদের বখত, ইমাম-মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলিনুর হোসেন প্রমুখ।

বিনা মূল্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার জয়পুরহাটে পালন করা হলো বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে বিনা মূল্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয় এবং  জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইমাম হাসিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহী উদ্দিন জাহাঙ্গীর। আলোচনাসভার শুরুতেই বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের প্রতিপাদ্য ও সরকারের গৃহীত কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। 

ধামইরহাটে দম্পতি সেমিনার

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা ধামইরহাটের বেনিদুয়ার ক্যাথলিক ধর্মপল্লির ফাদার ফাবিয়ান মারান্ডির উদ্যোগে শুক্রবার দম্পতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক দ্বন্দ্ব কলহ ও বিবাহবিচ্ছেদ প্রতিরোধে এর আয়োজন করা হয়। ধর্মপ্রদেশীয় পরিবার জীবন পরিষদ, রাজশাহী আয়োজনে দিনব্যাপী ‘বেনিদুয়ার ধর্মপল্লিতে ‘পারিবারিক জীবনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা’ শীর্ষক এ দম্পতি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ফাদার ফাবিয়ান মারান্ডির সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্মপ্রদেশীয় পরিবার কল্যাণ পরিষদ রাজশাহীর পাল পুরোহিত সুরস্তনিপাড়া মিশনের ফাদার প্রদীপ কস্তা, মুন্ডুমালা মিশনের পুরোহিত ফাদার পল কস্তা, ধর্মপ্রদেশীয় পরিবার কল্যাণ পরিষদের সদস্য মি. বৈদ্যনাথ হাঁসদা প্রমুখ।

চার সেলুন লাইব্রেরিতে বই বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা বই পাঠে মানুষকে উত্সাহিত করতে সৈয়দপুরে চারটি সেলুন লাইব্রেরিতে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সেলুন মালিকদের হাতে বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের অর্থায়নে সারা দেশের পরীক্ষামূলক ১০০টি সেলুন লাইব্রেরির মধ্যে সৈয়দপুরের চারটি সেলুন তালিকাভুক্ত হয়। স্থানীয় সেতুবন্ধ পাঠাগারের ব্যবস্থাপনায় যেসব সেলুন বই পেয়েছে সেগুলো হলো শহরের তুলশীরাম স্কুল সড়কের বিসমিল্লাহ সেলুন, সৈয়দপুর প্লাজার এসি সেলুন, খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামের কৃষ্ণ সেলুন এবং একই এলাকার স্বপন চন্দ্র সেলুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ প্রমুখ।