আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুড্রামা ‘দুইটি যুদ্ধের একটি গল্প’। ফুয়াদ চৌধুরীর পরিকল্পনা ও পরিচালনায় সত্য ঘটনা অবলম্বনে ডকুড্রামাটিতে মহি আলম চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন রিয়াদ রায়হান, মারজান চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন অহনা মিথুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মির্জা শাকিব, সাইদুর রহমান পাভেল, জয়শ্রী মজুমদার লতা ও চট্টগ্রামের নান্দিমুখ থিয়েটারের একদল নাট্যকর্মী। ডকুড্রামাটি রচনা করেছেন ফাহমিদুর রহমান। এটির লাইন প্রোডিউসার ও গবেষণা করেছেন ফাহদ হোসেন এবং অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে রয়েছেন রওশন জাহান নূপুর ।
‘দেশটাকে এমনভাবে স্বাধীন করবো যাতে দেশের সবাই দরজা খোলা রেখে ঘুমাতে পারে।’—এই মূলমন্ত্র নিয়েই মুক্তিযুদ্ধে নেমেছিলেন সার্জেন্ট মহি আলম চৌধুরী। অকুতোভয় মহি আলম শত্রুর গুলিকে ভয় পেতেন না। ভয় পেতেন তিনি তার দায়িত্ব ঠিক করে পালন করতে পারবেন কি-না। তাইতো দক্ষ আর দায়িত্বশীল নেতার মতোই প্রতিটা অপারেশনে তিনি সম্মুখে থেকে পরিচালনা করতেন। তার নিষ্ঠা আর দক্ষসমর পরিকল্পনার জন্য একের পর এক যুদ্ধে বিজয়ী হয়ে শত্রুমুক্ত করেছেন চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, বোয়ালিয়া এলাকা। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাঁশখালী উপজেলার সাধনপুর বোর্ড অফিসের রাজাকার ক্যাম্পে অপারেশনের সময় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। কিন্তু তার মৃত্যুটা রহস্যই থেকে যায়।
