মাহমুদউল্লাহর চাওয়া বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

আগামীকালই শুরু হতে যাচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর। মারকুটে ব্যাটিং, চার-ছক্কার মিছিলই এ ফরম্যাটের সবচেয়ে বড় সৌন্দর্য। এমনকি হুটহাট ম্যাচের গতিপথ বদলে দিতেও চাই বিস্ফোরক ব্যাটিংয়ের দক্ষতা সম্পন্ন পাওয়ার হিটার।

বাংলাদেশের টি-২০ দলটাতে এমন ব্যাটসম্যানের অভাবটা নতুন নয়। বিভিন্ন সময়ে অনেককে এ দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু কার্যকর সফলতা আসেনি। এবার বিশ্বকাপেও নুরুল হাসান সোহান, আফিফ হোসেন কিংবা তরুণ শামীম হোসেন পাটোয়ারীর ঘাড়েই বর্তাতে পারে এই গুরুভার। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য বলছেন, দলে পাওয়ার হিটার থাকতেই হবে এমন নয়। পাওয়ার হিটারের চিন্তা বাদ দিয়ে বরং নিজেদের সহজাত ক্রিকেট দিয়েই সফল হতে চান তিনি। বিশ্ব মঞ্চে তুলে ধরতে চান বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট।

গত বৃহস্পতিবার রাতে আইসিসি আয়োজিত বিশ্বকাপের অফিশিয়াল সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন মাহমুদউল্লাহ। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভাল্লা ও আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। আগামীকাল স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রস্তুতি ম্যাচে না খেললেও বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলবেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশের ব্যাটসম্যানরা কেউ শক্তির জোরে দানবীয় ব্যাটিংয়ে সিদ্ধহস্ত নন। নিজস্ব ঘরানার ব্যাটিং দিয়েই দ্রুত রান তুলেন সবাই। বাংলাদেশের অধিনায়কও বলছেন, পাওয়ার হিটার আবশ্যক নয়। তিনি বলেছেন, ‘পাওয়ার হিটারে ভরপুর দলই যে আপনার থাকতে হবে এমন কোনো কথা নেই। বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট খেলেই আমরা দেখাতে চাই আমরা কি করতে পারি।’

প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের পর ওমান ও পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ দল। সুপার-১২ পর্বে যেতে হলে গ্রুপের সেরা দুই দলের মাঝে থাকতে হবে। প্রতিপক্ষ কাউকেই হালকাভাবে নিচ্ছেন না মাহমুদউল্লাহ। তার মতে, ম্যাচের প্রথম বল থেকেই নিজেদের সেরাটা দিতে হবে।

তিনি বলেছেন, ‘গ্রুপ পর্বে আমাদের দলগুলোর ভিডিও ফুটেজ আমরা দেখেছি। তবে আমি বলতে চাই যারাই এখানে এসেছে তারা প্রত্যেকে যোগ্য দল। কাউকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের নিজেদের প্রমাণ করতে হবে মাঠে ভালো খেলে। এদের বিরুদ্ধে একদম প্রথম বল থেকেই নিজেদের সেরাটা দিতে হবে।’

বিশ্বকাপে শুধু স্পিনার নয় পেসারদের ওপরও ভরসা করছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘স্পিনাররা অনেকদিন ধরেই আমাদের বোলিং আক্রমণের মূল শক্তি। তবে আমাদের পেসাররাও বিগত তিন সিরিজে ভালো করেছে। আমাদের বোলিং আক্রমণ অনেক ভারসাম্যপূর্ণ। আশাকরি এই কন্ডিশনে পেসার-স্পিনার উভয়েই মানিয়ে নেবে এবং ভালো করবে।’