ছন্দে ফিরল ব্রাজিল কষ্টার্জিত জয় আর্জেন্টিনার

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:৪১

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক বিরতির প্রথম দুই ম্যাচে মন কাড়েনি ব্রাজিলের ফুটবল। ভেনেজুয়েলার বিপক্ষে জিতলেও হোঁচট খায় কলম্বিয়ার কাছে। তবে গতকাল শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ছন্দময় ফুটবলের উপহার দিয়ে সমর্থকদের মুগ্ধ করেছে সেলেসাওরা। জয়টাও পেয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে। অন্যদিকে পেরুর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা।

জয়ের ব্যবধান না বাড়ার কারণ হিসেবে রেফারিকেই দোষ দিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচে পরিচালনার দায়িত্বে থাকা ব্রাজিলিয়ান রেফারি উইলটন পেরেইরাকে উল্লেখ করে মেসি বলেন, ‘কঠিন ম্যাচ। খেলাও কঠিন ছিল। বাতাস বেশি ছিল, তারা কোনো জায়গা ছাড়েনি। এই রেফারি আমাদের ম্যাচ পরিচালনা করতে গিয়ে সবসময়ই এমনটা করে থাকে। মনে হচ্ছে যেন, ইচ্ছা করেই  করেন এগুলো। তবে তিন পয়েন্ট তুলে নিয়ে আমরা আমাদের লক্ষ্যের আরো কাছে চলে গেলাম।’

আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি আসে লাওতারো মার্তিনেজের। ৪৩ মিনিটে  দুর্দান্ত এক হেডে পেরুর জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ম্যাচে ফিরে আসার সুবর্ণ সুযোগ পেয়েছিল পেরু। কিন্তু স্পট কিক থেকে সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন ইয়োশিমার ইয়োতুন। এই জয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলের দ্বিতীয়তে আছে আর্জেন্টিনা।

শীর্ষে যথারীতি ব্রাজিল। নিজেদের মাঠে উরুগুয়ের দুর্গে আক্রমণের পর আক্রমণ চালিয়ে যায় তিতের দল। ১০ মিনিটে গোলের শুরুটা করেন নেইমার।  গোল করেই থেমে থাকেননি মানসিক অবসাদে ভোগা এই ফরোয়ার্ড। বাকি তিন গোলের দুটোতেই সহায়তা আছে তার। ১৮ মিনিটে ব্রাজিলের জার্সি গায়ে নিজের প্রথম গোলের দেখা পান রাফিনা। বিরতির পর ৫৮ মিনিটে নেইমারের সহায়তায় গোলের সংখ্যাটা দুইয়ে পরিণত করেন এই মিডফিল্ডার। ৭৭ মিনিটে উরুগুয়ের হয়ে লুইস সুয়ারেজ সান্ত্বনাসূচক গোল করেলেও ৮৩ মিনিটে তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকিয়ে দেন গ্যাব্রিয়েল বারবোসা।