হকিতেও ফাইনাল আজ নিরাপত্তা রক্ষায় র্যাবকে চিঠি

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:৪১

স্পোর্টস রিপোর্টার

ক্লাব হকির ফাইনালে আজ আবাহনী মেরিনার মুখোমুখি হবে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকাল ৩টায় ফাইনাল শুরু হবে। ফাইনাল ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কড়াকড়ি ব্যবস্থা না করা হলে খেলা পরিচালনা করা কঠিন মনে করছেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। নিরাপত্তা রক্ষায় বাড়তি ব্যবস্থা তো থাকছেই। সেই সঙ্গে হকি ফেডারেশন র্যাবকে চিঠি দিয়ে রেখেছে যেন প্রয়োজন হলেই পাওয়া যায়। ইউসুফ বলেন, ‘আমরা র্যাবকে চিঠি দিয়েছি যেন তারা স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা টহল একটু বৃদ্ধি করে। যেন প্রয়োজন হলেই তাদেরকে ডাকতে পারি।’ এরই মধ্যে ক্লাব কাপ হকিতে ছোক-খাটো ঘটনা ঘটেনি তা বলা যাবে না। এ দেশের হকি মানেই যেন ঘটনা ঘটবেই। ১৯ অক্টোবর লিগ শুরু হবে। লিগের নিরাপত্তার ব্যাপারেও প্রস্তুতি নিয়ে রেখেছে ফেডারেশন। লিগের খেলার সময় সবাইকে পরিচায়পত্র দেবে ফেডারেশন। পরিচয়পত্র ছাড়া কেউ মাঠেও প্রবেশ করতে পারবেন না। 

আজকের ফাইনালে আম্পায়ারের কোনো সিদ্ধান্ত বিতর্ক তৈরি  করলে সেটা পরিষ্কার করতে রিভিউর ব্যবস্থা করা হয়েছে। সেমিফাইনালে ছিল আজ ফাইনালেও থাকবে। ভারত ও শ্রীলঙ্কা হতে আম্পায়ার এসে পৌঁছানোর কথা। যদি সকালের ভাগে আসতে পারেন তাহলে তারাই বিকালে ফাইনাল পরিচালনা করবেন। না হলে দুই আম্পায়ার লিগের জন্য রাখা হবে। আবাহনী ও মেরিনারে বিদেশি খেলোয়াড় এরই মধ্যে খেলেছেন। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুই ক্লাবই মরিয়া।