শ্রীলঙ্কায় হেরেছে যুবারা

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:৪১

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কা সফরের শুরুটা ভালো হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ডাম্বুলায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল স্বাগতিকদের কাছে হেরে গেছে বাংলাদেশ যুব দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৪২ রানে জিতেছে ম্যাচটা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল লঙ্কান যুবারা।

টস জিতে ব্যাট করা স্বাগতিকদের বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশ যুব দল। বোলাররা ভালোই করেছেন। ৯ উইকেটে ২২৮ রানের পুঁজি গড়ে লঙ্কানরা। পাওয়ান পাথিরাজা ৬৭, রাভিন ডি সিলভা ২৯, সাদিশা রাজাপাকশে ২৮, রড্রিগো অপরাজিত ২৫ রান করেন। বাংলাদেশের রিপন মন্ডল ৩টি, আশিকুর জামান ২টি এবং গোলাম কিবরিয়া, মেহেরব, নাঈমুর রহমান, আরিফুল ইসলাম ১টি করে উইকেট পান।

পরে আইচ মোল্লা হাফ সেঞ্চুরি করলেও বাকি ব্যাটসম্যানরা তাকে ভালো সঙ্গ দিতে পারেননি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৬.২ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশের যুবারা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে আইচ মোল্লা ৮৬ রান করেন। আরিফুল ইসলাম ৩৮, ইফতেখার হোসেন ১৬ রান করেন। আর কেউ দুঅঙ্কের ঘরই স্পর্শ করতে পারেননি। শ্রীলঙ্কার ট্রিভিন ম্যাথুস ৪টি, শেভন ড্যানিয়েল ২টি উইকেট পান।

উল্লেখ্য, ডাম্বুলায় আগামী ১৮ অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা যুব দল।