মাগুরায় নির্বাচনি সহিংসতায় দুই ভাইসহ নিহত ৪

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:১৪

শুক্রবার বিকালে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত ও  ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন রহমান মোল্লা (৫৬), সবুর মোল্লা (৫০), কবির মোল্লা (৫৩) ও ইমরান হোসেন (২৮)। এদের মধ্যে সবুর মোল্লাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত সবুর মোল্লা ও কবির মোল্লা আপন দুই ভাই এবং রহমান  মোল্লা নিহত সবুর মোল্লার  চাচাতো ভাই । পুলিশ ও এলাকাবাসীসুত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজরুল ইসলাম নামে স্থানীয় এক মেম্বার প্রার্থীর বিপক্ষে সৈয়দ হাসান নামে একজনকে প্রার্থী করেন প্রতিপক্ষ গ্রুপের সবুর মোল্লা। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে শুক্রবার বিকালে জগদল মাঝিপাড়া ডমডুমা এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুপক্ষ একে অপরের উপর ধারালো অস্ত্র লাঠিশোটা নিয়ে হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত নজির মোল্লা, বারিক মোল্লা, মনিরুল, জহুর মোল্লা, ওলিয়ার, হিটলার ও শুভ মোল্লাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে রহমান মোল্লা, সবুর মোল্লা, কবির মোল্লা সৈয়দ হাসানের সমর্থক ও ইমরান হোসেন নজরুল ইসলামের সমর্থক। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, এই ঘটনায় ৪জন নিহত হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচেছ। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।