চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পূর্ব দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের দুই গ্রুপ ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)’ ও ‘সিক্সটি নাইনের’ মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের চার কর্মী আহত হয়েছেন। সংঘর্ষ থেমে গেলেও ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজমান। সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে আমানত হলের সামনে এ ঘটনা ঘটে। বিবদমান গ্রুপ দুটির মধ্যে সিএফসির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।
আহতরা হলেন সিক্সটি নাইনের কর্মী ইতিহাস বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাদিম হায়দার, একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের মিশো মুমিনুল, ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মাহমুদ রাফি এবং সিএফসির কর্মী ১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আরাফাত। এর মধ্যে গুরুতর আহত নাদিম এবং মুমিনুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিহাব আরমান নামে সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীকে মারধর করেন সিএফসি গ্রুপের কর্মীরা। এর জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে সিএফসির জুনিয়র কর্মীরা আমানত হলে প্রবেশ করতে গেলে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সেক্রেটারি ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু দৈনিক ইত্তেফাককে বলেন, এসব কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা আমরা নেব।
শাখা ছাত্রলীগ সভাপতি ও সিএফসির গ্রুপের নেতা রেজাউল হক রুবেল বলেন, এখন পরিস্থিতি শান্ত। কথা হচ্ছে, বিষয়টি এখন মিটমাট হওয়ার পথে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
