শুক্রবার ছুটির দিনে জমে উঠেছিল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। সন্ধ্যায় নাট্যপ্রেমীদের উপস্থিতিতে সরব ছিল একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন। নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ‘বহিপীর’। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শকরা দেখেছে ওপেন স্পেস থিয়েটারের প্রযোজনা ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’। স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে নাট্যদল ব্যতিক্রমের প্রযোজনা ‘পাখি’।
আফরিন হুদা নির্দেশিত বহিপীর নাটকে সূর্যাস্ত আইনে জমিদারি হারাতে বসা জমিদার হাতেম আলীকে কেন্দ্র করে কাহিনির সূত্রপাত হয়। জমিদারি রক্ষা করতে হাতেম আলী শহুরে এক বন্ধুর সাহায্যের প্রত্যাশা করেন। সেই আশায় বজরায় চেপে স্ত্রী খোদেজা ও পুত্র হাশেমকে নিয়ে রওনা হন। যাত্রাপথে পরিস্থিতির ঘূর্ণিপাকে বজরায় ঠাঁই পায় সদ্য বিবাহিত তরুণী তাহেরা ও বৃদ্ধ বহিপীর। দীর্ঘদিনের মুরিদানার গুরু দক্ষিণার রূপক হয়ে ওঠে তরুণী তাহেরা। তাকে স্ত্রী হিসেবে পাওয়ার বাসনা জাগে পীরের। এদিকে জীবন সচেতন হাশেম যে কোনো মূল্যে পীরের কাছ থেকে রক্ষা করতে চায় তাহেরাকে। উলটোদিকে জমিদারের স্ত্রী খোদেজার চিন্তাধারায় প্রকাশ পায় চিরায়িত মুসলিম বাঙালি নারীর রূপটি। তাহেরা কার আশ্রিতা হবে তাই নিয়ে চিন্তা যখন চূড়ান্তে পৌঁছায় তখন জমিদারি ধরে রাখতে ব্যর্থ হয় জমিদার। আশ্রিতা তাহেরা কাউকেই খুশি করতে পারে না। সে কী করবে তা নিয়েই এগিয়ে যায় ঘটনাপ্রবাহ।
প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহাদুল আমিন, নূরুল আলম, সাফায়েত দুর্জয়, আফরিন হুদা তোড়া, অরনিকা শ্রাবণী অথৈ, শরিফুল ইসলাম প্রমুখ।
ওপেন স্পেস থিয়েটারের প্রথম প্রযোজনা টুয়েলভ অ্যাংরি ম্যান। মূলত রোজিনাল্ড রোজের চিত্রনাট্যে বিশ্বব্যাপী সমাদৃত মার্কিন চলচ্চিত্র টুয়েলভ অ্যাংরি ম্যান। ঢাকার মঞ্চে এটি নির্দেশনা দিয়েছেন এম আরিফুর রহমান।
প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বনন সাইয়েদ, কাজী আরিফুর রহমান, এস এম মুসাব্বীর তানিম, সৈয়দ এজাজ আহমেদ, রায়হান আহমেদ দীপ, জাকারিয়া রনি, ওয়ালিদ আদনান, এম আরিফুর রহমান, সীমান্ত হক, শরিফ এম তারিক, জোনায়েদ নাসির অনিক, ফাইরুজ আলম ও মোস্তাক আহামেদ।
নাট্যদল ব্যতিক্রম প্রযোজিত পাখি নাটকটির রচয়িতা মনোজ মিত্র। নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম সোহাগ। নাটকে নীতিশ চরিত্রে অভিনয় করেছেন সাইফুল ইসলাম সোহাগ। শ্যামা চরিত্রে রূপ দিয়েছেন সৈয়দা নওশীন ইসলাম দিশা।
