যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, তিনি ক্যালিফোর্নিয়ার ইউসি আয়ারভিন মেডিক্যাল সেন্টারে স্থানীয় সময় মঙ্গলবার ভর্তি হয়েছেন। তবে এটি ‘কোভিড-সংক্রান্ত জটিলতা’ নয় বলেও জানানো হয়েছে। তিনি বলেন, ৭৫ বছর বয়সি ক্লিনটনের স্বাস্থ্যের অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছে এবং তিনি ভালোই আছেন। খবর বিবিসির
এটা এখনো পরিষ্কার নয় যে, বিল ক্লিনটনকে কেন হাসপাতালে ভর্তি হতে হলো। তবে তার হার্টের সমস্যা আছে। চিকিত্সকরা জানিয়েছেন, পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালেই রাখা হবে। দুই দিনের চিকিত্সার পরে তার রক্তের সাদা কণিকা কমছে এবং তিনি অ্যান্টিবায়োটিকে ভালো সাড়া দিচ্ছেন। ক্লিনটনের হূদেরাগ বিশেষজ্ঞসহ নিউইয়র্কের চিকিত্সকদলও হাসপাতালের চিকিত্সকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তারা আশা করছেন, দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পাবেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, ২০০৪ সালে গুরুতর হূদেরাগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ক্লিনটনের। দ্রুত তার বাইপাস সার্জারি করেন চিকিত্সকরা। সেই থেকেই তার খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসে। ১৯৯৩ সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হন তিনি এবং ২০০১ সাল পর্যন্ত দেশটির ৪২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
