বয়স মাত্র ছয় বছর তবুও দেশ ও বিদেশের ক্রিকেটের আলোচনায় স্থান করে নিয়েছে লেগ স্পিনার বরিশালের আসাদুজ্জামান সাদিদ। তার কয়েকটা বোলিংয়ের ভিডিও অতি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভাইরাল হওয়া ভিডিও দৃষ্টি কেড়েছে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের। সাদিদের বোলিং নৈপুণ্যকে শচীন বলেছেন দুর্দান্ত। আর তাতেই ভাইরাল হয়ে দেশের গন্ডি ছাঁপিয়ে সে বিস্ময় বিশ্ব জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্বয়ং ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার নিজের ভেরিভাইড ফেসবুকে শেয়ারও করেছেন আসাদুজ্জামান সাদিদের ভাইরাল হওয়া ভিডিও। মুগ্ধদার এখানেই শেষ নয় কিংবদন্তি লেগ স্পিনার রাশিদ খানেরও মনে ধরেছে এই খুদে সাদিদের ভিডিও। বোলিংয়ের সঙ্গে সাদিদের ব্যাটিংটাও চলছে সমানতালে। গতকাল শুক্রবার সাদিদ জানান, শেন ওয়ার্ন ও রাশিদ খানকে অনুসরণ করেন তিনি। এছাড়াও অ্যাডম জ্যাম্পা, বিরাট কোহলি, সাকিব আল হাসান, রোহিত শর্মা, এ বি ডি ভিলিয়ার্স, রবিন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনিকে ভালো লাগে তার। ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে সাদিদ আপ্লুত কণ্ঠে বলেন, আমার ভিডিও সবাই দেখবে তা কখনোই ভাবিনি। উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র আসাদুজ্জামান সাদিদের ইচ্ছা বড় হয়ে জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া।
সাদিদের মামা সিরাজুল ইসলাম জানান, তিন বছর থেকেই সাদিদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়তে থাকে। সে প্রচুর খেলা দেখে এবং তার আগ্রহ দেখেই মামা সিরাজুল ইসলাম তাকে নিয়ে প্রতিদিন অনুশীলনে নামেন। তিনি বলেন, এলাকার সবাই তাকে ক্রিকেট খেলায় সাহায্য করেন। ভাগনের বোলিংয়ের ভিডিও তেমন কিছু না ভেবেই ফেসবুকে আপলোড করেন তিনি। সেটা যে বিশ্ব দরবারে এমন গ্রহণযোগ্যতা পাবে তা কল্পনায়ও ছিল না তার। সাদিদের প্রতিভাকে পরিচর্চার মাধ্যমে ভবিষ্যতে জাতীয় দলকে সমৃদ্ধ করার মতো একজন ক্রিকেটার তৈরি করার বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তার পরিবারের সদস্য ও স্থানীয়রা।
