পূজামণ্ডপে হামলা

বাংলাদেশ সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে :ভারত

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:৩৩

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুর্গাপূূজার সময় বাংলাদেশে যে সহিংসতা হয়েছে, তা উদ্বেগজনক। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র অরিন্দম বাগচিকে দুর্গাপূজার সময় বাংলাদেশে সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, এই ঘটনা উদ্বেগজনক। তবে ঢাকায় ভারতীয় হাইকমিশন ও অন্যান্য কনস্যুলেট বাংলাদেশ সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পরিস্থিতির মোকাবিলায় বাংলাদেশ সরকার যে দ্রুত ব্যবস্থা নিয়েছে ভারত তা লক্ষ্য করেছে।

অরিন্দম বাগচি বলেন, আমরা ধর্মীয় সমাবেশে আক্রমণসহ উদ্বেগজনক ঘটনার রিপোর্ট দেখেছি। আমরা এটাও লক্ষ্য করেছি যে, বাংলাদেশ সরকার দ্রুত পরিস্থিতি মোকাবিলা করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার ও সরকারের বিভিন্ন সংস্থার সাহায্যে দুর্গাপূজা হয় এবং প্রচুর মানুষ সেখানে যান।