কুমিল্লার ঘটনায় ক্ষমা চেয়ে পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করুন

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:৩৩

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, কুমিল্লায় পূজামণ্ডপের এ ঘটনা সরকারের জন্য চরম ব্যর্থতা, আমাদেরও ব্যর্থতা। এ ব্যর্থতার জন্য সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করে মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই, তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে ঘটনা ঘটিয়ে অন্যদিকে প্রবাহিত করছে। এটা দুঃখজনক। গতকাল শুক্রবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নানুয়া দীঘির পাড়ে ক্ষতিগ্রস্ত একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্যের কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ভাসানী অনুসারী পরিষদের নেতা শহিদ আসাদের ভাই ডা. নুরুজ্জামান, আল মুকিত, সাইফুল ইসলাম শুভ, গণসংহতি আন্দোলন-কুমিল্লার আহ্বায়ক ইমরান জুলকারনাইন ইমন প্রমুখ। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সুনামগঞ্জের শাল্লাসহ বিভিন্ন স্থানে হিন্দু পরিবারে বাড়িঘরে হামলা ও মন্দির ভাঙচুর ঘটনার একটিরও বিচার হয়নি। কুমিল্লার ঘটনার জন্য পুলিশের গাফিলতি ছিল। ৯৯৯-এ কে ফোন দিয়েছিল তাও খুঁজে বের করা উচিত। এখন লোক দেখানো ধরপাকড় চালানো হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য খুতবায় বয়ান করার জন্য তিনি আলেমদের প্রতি আহ্বান জানান। ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তিনি।