করোনা ভাইরাস আট মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:৩৩

দেশে করোনা ভাইরাসে গত এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯৬ জন। যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ৩৬৬ জনের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গত এক দিনে করোনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন, যা বৃহস্পতিবার ছিল সাত জন। গতকাল পর্যন্ত করোনায় মোট মারা গেলেন ২৭ হাজার ৭৪৬ জন। এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন। গত এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫২৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন মোট ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

এক দিনে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ আর মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার তিনটি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৮০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৬১ হাজার ২৪৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৩ লাখ ৭৩ হাজার ১৯৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৮৮ হাজার ৮৮টি। গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে পুরুষ চার জন আর নারী পাঁচ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৭৫ জন আর নারী ৯ হাজার ৯৭১ জন।