ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ
ইত্তেফাক রিপোর্ট
সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে কিশোর ও তরুণদের বিশেষ সতর্কতা প্রয়োজন। ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের কারণে সামাজে বিপর্যয় নেমে আসছে। বিশেষত ফেসবুকের অপব্যবহারের কারণে সমাজে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। তাই সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিতকরণে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। কন্যাশিশুকে মানব সম্পদে পরিণত করার জন্য বাল্যবিবাহ বন্ধে সামাজিক জাগরণ প্রয়োজন। গতকাল তেজগাঁওস্থ এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘সম্প্রতি করোনার কারণেই বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এ সব কথা বলেন। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রয়োজনে বাল্যবিবাহ প্রদানকারী অভিভাবকদেরও শাস্তি দিতে হবে।
বাল্যবিবাহ প্রতিরোধে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আট দফা সুপারিশ তুলে ধরা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য —বাল্যবিবাহ রোধে দরিদ্র পরিবারের মেয়েদের জন্য সরকারের পক্ষ থেকে ভাতার ব্যবস্থা ও একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে আয়ের পথ তৈরি করে দিতে হবে। চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট রিভিউ করে যুগোপযোগী করতে হবে, জাতীয় পাঠ্যক্রমে বাল্যবিবাহের ক্ষতিকারক বিষয়গুলো তুলে ধরতে হবে। পাশাপাশি কন্যাশিশু নির্যাতনকারী বখাটেদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় না দেওয়া এবং ইতিমধ্যে যাদের বাল্যবিবাহ হয়েছে তাদের সুরক্ষায় কাজ করা। প্রতিযোগিতায় শহীদ পুলিশ স্মৃতি কলেজকে পরাজিত করে ঢাকা সিটি কলেজ চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।
