ফতুল্লায় লাশ নিয়েসড়ক অবরোধ

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:৩৯

থানায় মামলা নিতে টালবাহানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

শহরের বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জার সামনে ফুটপাতে দোকান সাজানোকে কেন্দ্র করে হকারের ছুরিকাঘাতে জুবায়ের নামে অপর এক হকার নিহতের ঘটনায় ফতুল্লায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

গতকাল বিকালে ফতুল্লার মাসদাইর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে লাশ রেখে বিক্ষোভ করে তারা। বিক্ষোভে নারী পুরুষসহ প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সড়কের উভয় দিকে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সদর থানার ওসি বৃহস্পতিবার রাত ৩টা পর্যন্ত নিহতের মাসহ আত্মীয়স্বজনকে থানায় বসিয়ে রেখে মামলা নেননি।

মামলার অভিযোগে হকার নেতা আসাদুল্লাহকে আসামি করায় তিনি মামলা গ্রহণ করতে টালবাহানা করেছেন। তারা অভিযোগ করে আরো বলেন, এই হকার নেতা আসাদুল্লাহর মাধ্যমে সদর থানার ওসি প্রতিদিন ফুটপাতের চাঁদার ভাগ পেয়ে থাকেন। এ জন্য তাকে আসামি করায় মামলা নেননি।

গতকাল বিকালে ঢাকা মেডিক্যাল থেকে লাশ এনে মামলা গ্রহণ ও খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করা হয়। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের সাধু পৌলের গির্জার কাছে ফুটপাতে দোকান সাজানোকে কেন্দ্র করে এক হকারের ছুরিকাঘাতে জুবায়ের খুন হয়।

এ ঘটনায় ঐ দিন রাত ৪টায় মামলা গ্রহণ করা হয়েছে। এর আগে থেকেই পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে। আশা করি হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হবে। বিক্ষোভকারীদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। লাশ মাসদাইর কবরস্থানে দাফন করা হয়েছে।