পাচারকালে পাঁচ টন সার আটক, ডিলার পলাতক ট্রাক চালককে জরিমানা

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:৩৯

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

শিবালয় থেকে পাঁচ টন সার অন্যত্র পাচারকালে জনতা তা আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতে গাড়িচালক স্বপন কুমার সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা করে। এদিকে স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট সৃষ্টি করে এলাকার কৃষকদের বরাদ্দকৃত সার উক্ত ডিলার অন্যত্র পাচার করে আসছে। ইতিপূর্বে এমন অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। 

জানা গেছে, গতকাল শিবালয়ের টেপড়া এলাকার বিসিআইসি ডিলার রতন সাহার গুদাম থেকে ১০০ বস্তা ডিএপি সার পার্শ্ববর্তী ঘিওর উপজেলায় অপর ব্যবসায়ীর কাছে পাচারকালে জনতার হাতে ধরা পড়ে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানাকে বিষয়টি অবহিত করলে তিনি পিক-আপ ভ্যানে থাকা সার তার কাছে নেওয়ার নির্দেশ দেন। চালক স্বপন সরকারের বক্তব্যে ভ্রাম্যমান               আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে। এ ঘটনা জানাজানির পর সার ডিলার রতন সাহা গা        ঢাকা দেন।

রতন সাহা জানান, উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজুর রহমানের সঙ্গে আলাপ করে পাশের ঘিওর উপজেলার ডিলার শামসুল ইসলামের গুদামে পাঁচ টন ডিএপি সার পাঠানো হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, নির্দিষ্ট এলাকার বাইরে সার বিক্রির বিধান নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, নিয়ম লঙ্ঘন করে সার পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে              সার বহনকারী পিকআপ ভ্যানচালককে জরিমানা         করা হয়েছে। ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।