দাম কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:৩৯

ইত্তেফাক রিপোর্ট

পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে। গতকাল খুচরা বাজারে  প্রতি কেজি পেঁয়াজে মানভেদে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম কমেছে। কাঁচামরিচের দামও গত সপ্তাহের তুলনায় কেজিতে ৮০ টাকা পর্যন্ত কমেছে। দাম বেড়েছে আদা ও রসুনের। গতকাল কাওরানবাজার ও শান্তিনগরসহ কয়েকটি বাজারে বিভিন্ন পণ্যের দামের এ তথ্য পাওয়া যায়। গতকাল বাজারে দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। অথচ দুই দিন আগেও তা যথাক্রমে ৭৫ থেকে ৮০ টাকা ও ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়; যা গত সপ্তাহে ২০০ টাকায় বিক্রি হয়েছে।

গতকাল প্রতি কেজি আমদানিকৃত রসুনের দাম ১০ টাকা বেড়ে ১১০ থেকে ১৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়। দেশি রসুন বিক্রি হয় মানভেদে ৬০ থেকে ৮০ টাকায়। আর আমদানিকৃত আদার দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৫০ টাকায়। দেশি আদার দাম বাড়েনি। বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকায়।