ফেনীতে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস সংঘর্ষে এক নারীসহ বিয়ে বাড়ির দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তিন জন। গতকাল শুক্রবার দুপুরে শহরতলীর মঠবাড়ীয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের ফারজানা আক্তার কলির সঙ্গে একই উপজেলার জগন্নাথ ইউনিয়নের বিজয়করা গ্রামের মোহাম্মদ শাকিলের বিয়ের দিন ধার্য ছিল গতকাল। তাই কনে ফারজানা আক্তার কলি শহরের একটি পার্লার থেকে সেজে সিএনজি অটোরিকশাযোগে তার বাড়িতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে কনের বড় বোনের স্বামী জামাল হোসেন ও ভাতিজি হাছনা আক্তার পলি ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আহত হয় কনেসহ আরো তিন যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় কর্তব্যরত চিকিত্সক ফারজানা কলিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ছাড়া আহত অন্যদের হাসপাতালে চিকিত্সা চলছে। পুলিশ মৃতদেহ দুইটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত জামাল হোসেন ও হাছনা আক্তার পলি আলকরা ইউনিয়নের বাসিন্দা।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
