কোরআন নিয়ে অবমাননা করে ফেসবুকে কমেন্টস

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:১৬

গৌরনদীতে যুবক আটক

 

g গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

পবিত্র কোরআন শরিফকে অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে আপত্তিকর কমেন্টস করায় উত্তেজিত জনতা মহানন্দ বৈদ্য (২২) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের তিনটি মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল কাজিরপাড় গ্রামে। আটক মহানন্দ বৈদ্য ঐ গ্রামের মৃত্যুঞ্জয় বৈদ্যর পুত্র। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পবিত্র কোরআন শরিফকে অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে আপত্তিকর কমেন্ট করে মহানন্দ বৈদ্য। শুক্রবার সন্ধ্যার পর বিষয়টি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তির নজরে আসলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

একপর্যায়ে স্থানীয় উত্তেজিত জনতা মহানন্দকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তী সময়ে একই দিন রাতে স্থানীয় জনতা জোটবদ্ধ হয়ে ধুরিয়াইল কাজিরপাড় সর্বজনীন দুর্গামন্দির, পার্শ্ববর্তী হরি মন্দির এবং জগদিশ বৈদ্যর বাড়ির হরি মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা প্রশান্ত বালা বলেন, দীর্ঘদিন থেকে আমরা সব ধর্মের লোকজন একসঙ্গে বসবাস করে আসছি। সদ্য সমাপ্ত সর্বজনীন দুর্গাপূজার সময়েও সব ধর্মের লোকজনের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিরাজ করেছে। যে কারণে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমরা বিজয়া দশমী শেষ করেছি। তিনি আরো বলেন, কোরআন শরিফকে অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে আপত্তিকর কমেন্টসকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। আর এ কমেন্টস যে করেছে সে যেই সম্প্রদায়ের হোক না কেন, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সর্বজনীন দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বৈদ্য জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে একদল উত্তেজিত জনতা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে মন্দিরের প্রতিমাসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। এ সময় নারী-পুরুষ ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে তাত্ক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তিনি আরো জানান, পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।