বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ড. মুনাজ

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২০

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১ এ বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

গত ১০ অক্টোবর সারা বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র্যাংকিং তালিকা প্রকাশ করেছে এডি সাইন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা। কনক্রিট টেকনোলজি, আরবান সেফটি, ক্লাইমেট চেঞ্জ, আর্থকোয়াক ডিজাস্টারসহ শিক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বিশ্বসেরা বিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন। এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১ এ বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করায় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সংশ্লিষ্ট সবাই।

ইউনিভার্সিটিটির উপাচার্যের দায়িত্ব পালনের আগে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইউটি) উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা সম্পন্ন করেন। ২০০৭ সালে ভূমিকম্প তত্ত্বের (সাইজমলজি) ওপর  পোস্ট ডক্টোরাল ডিগ্রি সম্পন্ন করেন। ২০০৫ সালে তিনি নেদারল্যান্ডসে একটি সংক্ষিপ্ত প্রাইভেট পাবলিক পার্টনারশিপ (পিপিপি) প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ২০০৮ সালে ইতালিতে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ভূমিকম্প নিরোধক ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেন।