আখাউড়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার দুপুরে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহেদ (৪) ও আয়েশা (৭) ঐ গ্রামের মো. আজাদ ভূইয়ার সন্তান। আয়েশা নোয়াপাড়া মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়াশোনা করত।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে শাহেদ ও আয়েশা বাড়ির পেছনে একটি পুকুরে গোসল করতে যায়। এরপর দীর্ঘক্ষণ তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে যান। এ সময় ঐ দুই শিশুকে পানিতে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক সাদিয়া সিদ্দিক জানান, দুপুরে ঐ দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।