রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৭

সভাপতি জিল্লুল হাকিম, সম্পাদক কাজী ইরাদত

রাজবাড়ী প্রতিনিধি

ছয় বছর পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক হিসেবে কাজী ইরাদত আলী পুনরায় নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা আওয়ামী লীগ ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি তাদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে কাজী কেরামত আলী এমপি, আকবর আলী মর্জি, ফকীর আব্দুল জব্বার ও মহম্মদ আলী চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রানা টিপুর নাম ঘোষণা করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ইকবাল হোসেন অপু এমপি, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী ও সংরক্ষিত মহিলা আসন ৩৩৪ এর এমপি সালমা চৌধুরী রুমা। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।