শৈলকুপায় সংঘর্ষে ৩৫ জন আহত

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি বাড়িঘর। শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কামান্না গ্রামের রশিদ মেম্বার ও নাহিদ মোল্লার সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বুধবার তুচ্ছ ঘটনায় রশিদ মেম্বারের ছেলে ফারদিনকে মারধর করে নাহিদ মোল্লার সমর্থক আমির হোসেনের ছেলে হামিদুর রহমান। এ ঘটনায় শুক্রবার বিকালে হামিদুরের চাচাতো ভাই নাঈম হোসেনকে মারধর করে ফারদিন ও তার ভাই ফাহিম। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের লোকজন ঢাল সড়কি, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। চলে ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল ছুড়াছুড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গ্রামে পুলিশ মোতায়েন আছে।