বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি শুরু

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৮

বেনাপোল (যশোর) সংবাদদাতা

চার দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে পুনরায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। আর এতে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।

ভারতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় গত ১২ অক্টোবর সকাল থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চার দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখে ভারতীয় ব্যবসায়ীরা। তবে এ চার দিন বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

ভারতের পেট্রাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ ছিল। পূজা শেষে শনিবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে চার দিন আমদানি রপ্তানি বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আগের নিয়মে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৮৫ ট্রাক ভারতীয় আমদানি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং ৩৫ ট্রাক রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল বন্দর প্রবেশ করেছে।