সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৮

 

কলমাকান্দায় সড়কের সংস্কারকাজ শেষ না হওয়ায় দুর্ভোগ

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরে প্রবেশমুখে উব্ধাখালি নদীর ওপর সেতু এলাকার সড়কের সংস্কারকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। সড়ক ও জনপথ বিভাগের এ সড়কটি উব্ধাখালি নদীর পাশেই। নেত্রকোনার ঠাকুরাকোনা থেকে কলমাকান্দা পর্যন্ত সড়কটির সংস্কারকাজ দুই বছর আগে শুরু হয়েছে। কলমাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মৌলা বলেন, সড়কটির সংস্কারকাজ কবে শেষ হবে, তা তিনিও জানেন না। কাজের গতি খুব খারাপ। আর এজন্য জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সড়ক নিয়ে আর কত বলব। আগামী বছরের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হতে আরো দুই/চার বছর লেগে যেতে পারে বলে তিনি মনে করেন। কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও কাজের গতি বাড়ছে না। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান বলেন, ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে এবং দ্রুত কাজ শেষ করার জন্য চিঠিও দেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বনপাড়া ডিগ্রি কলেজ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন।

ইঁদুর নিধন অভিযান পালিত

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি ভোলা দক্ষিণে বিশ্ব খাদ্য দিবস এবং জাতীয় ইঁদুর নিধন অভিযান পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কর্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি কর্মকর্তা আবু মো. এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. ইউনুছ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মোশারেফ হোসেন প্রমুখ।

অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রামে যাত্রাপুর খানকায়ে ছালিহিয়া দ্বিনীয়া কমপ্লেক্সে অভিভাবক সমাবেশ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোমেনা-কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের মহাসচিব ও পায়ের খোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মো. আবুল কালাম। কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক।

সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চলের উদ্যোগে শনিবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার ৫০ জন দুস্থ ও অসহায় নারী-পুরুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, খোলাহাটি ক্যান্টনম্যান্ট ২০ বীর মেজর মো. নুরুজ্জামান, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন প্রমুখ।

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা নান্দাইলে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদে কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান প্রমুখ।

প্রশিক্ষণার্থীরা পেল সেলাই মেশিন

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর সিটি করপোরেশনে আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন (দর্জি বিদ্যা) শীর্ষক ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর সিটি করপোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এলজিইডির সিজিপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. রবিউল ইসলাম।